মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদিয়া আফরোজ

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণের মতো অত্যন্ত চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশায় নিয়োগ পেয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণী সাদিয়া আফরোজ তুরাগ। তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তার এই সাফল্যে বিদেশের মাটিতে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম।

সাদিয়া ফেনী জেলার রামপুর পাটোয়ারী বাড়ির সন্তান। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত হারুন উর রশিদ ও তাবেন্দা হারুন দম্পতির কনিষ্ঠ কন্যা তিনি।

মেয়ের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত পিতা হারুন উর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমেই এই মাইলফলক স্পর্শ করেছেন তুরাগ। শিক্ষাজীবনেও তুরাগ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং গোল্ড মেডেল অর্জন করে স্নাতক সম্পন্ন করেছেন।

সাদিয়ার বাবা বলেন, ‘আমাদের জানামতে, তুরাগই প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী যিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। একজন বাবা হিসেবে আমি অত্যন্ত গর্বিত।’

সাদিয়া যেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারেন, সেজন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাদিয়ার এই অর্জন নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

***ফেনী অনলাইন সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।***

FeniOnline.net Telegram Channel@FeniOnline

Comments

DMCA.com Protection Status
Bidvertiser2074653
error: Something went wrong !!